খুলনা বিভাগে হামের ভয়াবহ বিস্তার

# গত ২৪ ঘন্টায় সন্দেহজনক রোগী ৮২ : মৃত্যু ১
# ৬ মাসে সন্দেহজনক রোগী ১০ হাজার ৫৬০, মৃত্যু ৩৬
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। গত ১৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১০ হাজার ৫৬০ জনকে সন্দেহজনক হামের রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময়ে সন্দেহজনক হামে ৩৬ জনের মৃত্যু হয়েছে। তবে পরীক্ষায় এখন পর্যন্ত ৩৬৯ জনের হাম নিশ্চিত হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য নেই। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ জেলাভিত্তিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ৮২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ৭১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে সন্দেহজনক হামে খুলনায় একজনের মৃত্যু হয়েছে। তবে নতুন করে কোনো রোগীর হাম নিশ্চিত হয়নি এবং নিশ্চিত হামে কোনো মৃত্যুও হয়নি।
কুষ্টিয়ায় সন্দেহজনক রোগী বেশি :
বিভাগের জেলাগুলোর মধ্যে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি কুষ্টিয়ায়। জেলাটিতে ১৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৬১১ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৩ জনের হাম নিশ্চিত হয়েছে। খুলনায় সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। এ জেলায় নিশ্চিত হামের রোগী ৪৭ জন। মাগুরায় ১ হাজার ৬০৭ জন সন্দেহজনক রোগীর মধ্যে ২৭ জনের হাম নিশ্চিত হয়েছে। এ ছাড়া ঝিনাইদহে ৮৯৭, যশোরে ৮৫৭, নড়াইলে ৭৩৩, বাগেরহাটে ৬৬১, মেহেরপুরে ৬১৩, চুয়াডাঙ্গায় ৫২৮ এবং সাতক্ষীরায় ২৮৮ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন।
নিশ্চিত হামে নড়াইল এগিয়ে :
নিশ্চিত হামের রোগীর সংখ্যায় বিভাগে সবচেয়ে বেশি নড়াইলেÑ৮৫ জন। এরপর বাগেরহাটে ৭৪, যশোরে ৫৮, খুলনায় ৪৭, সাতক্ষীরায় ২৮, মাগুরায় ২৭, কুষ্টিয়ায় ২৩, ঝিনাইদহে ১৭, মেহেরপুরে ১০ এবং চুয়াডাঙ্গায় কোনো নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত প্রায় ছয় মাসে সন্দেহজনক হামের ১০ হাজার ৮৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৭৬৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৬ হলেও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য।



