স্থানীয় সংবাদ

ঈমান, ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে – গোলাম রসুল এমপি

# যশোরে জামায়াতের বাছাইকৃত অগ্রসরকর্মী শিক্ষা শিবির #

যশোর ব্যুরো ঃ হযরত ইব্রাহিম (আ.)-এর জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে ঈমান, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। শুক্রবার ৪ সেপ্টেম্বর যশোর জেলা জামায়াতের কার্যালয়ে পেশাজীবী থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘বাছাইকৃত অগ্রসরকর্মী শিক্ষা শিবিরে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে সংগঠনের বাছাইকৃত কর্মীরা অংশ নেন। অধ্যাপক গোলাম রসুল বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনে আল্লাহ তায়ালা নানা কঠিন পরীক্ষা নিয়েছেন। বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁকে মানুষের নেতা হিসেবে মনোনীত করা হয়। তাঁর জীবন থেকে ঈমান, ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা নিতে হবে। তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.) অন্যায় ও বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। আগুনে নিক্ষেপ করা হলেও তিনি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। আল্লাহর ওপর অবিচল আস্থা ও ঈমানের কারণে তিনি সব পরীক্ষায় সফল হয়েছেন।
তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামের আদর্শ অনুসরণে দৃঢ় মানসিকতা গড়ে তুলতে হবে। অগ্রসরকর্মীদের জ্ঞান, আমল, চরিত্র ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হবে। শিক্ষা শিবিরে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হুসাইন, অফিস সেক্রেটারি নুরে আলা নুর মামুন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল ইসলাম, পেশাজীবী থানা সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন, সেক্রেটারি আবু ফয়সাল ও অফিস সেক্রেটারি গাউসুল আজমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী শিক্ষা শিবিরে ঈমান-আকিদা, নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শিবিরের কার্যক্রম শেষ হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button