বাগেরহাটে খাল দখল করে দোতলা ভবন : গুঁড়িয়ে দিল পৌর কর্তৃপক্ষ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের বাদিয়ার খাল দখল করে নির্মিত একটি দোতলা ভবনের অংশ বিশেষ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এছাড়া পৌরসভার বিভিন্ন খাল দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা পর্যাক্রমে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শহরের বাসাবাটি এলাকার বাদিয়ার খালের মধ্যে থাকা একটি দোতলা ভবনের টয়লেট ও ট্যাংক উচ্ছেদ শুরু করেন পৌরসভার শ্রমিকরা। পরে শ্রমিকরা ছোট-ছোট বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিযানের সময় বাগেরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে পৌরসভার কনজারভেশন ইনস্পেক্টর মাহিন হোসেন বলেন, বাগেরহাট পৌরসভার মধ্যে যেসব সরকারি খাল রয়েছে, পৌর প্রশাসকের নির্দেশে সেগুলোর মধ্যে কয়েকটি খালের সীমানা নির্ধারণ করা হয়েছে। খালে এবং পৌরসভার জমির মধ্যে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। খালের মধ্যে আনুমানিক শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে।



