স্থানীয় সংবাদ

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

তথ্যবিবরণী ঃ ‘মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, দেশের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই। নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে এবং তা আদায় করতে হলেও শিক্ষার প্রয়োজন। বর্তমানে দেশের একটি উল্লেখযোগ্য অংশ নিরক্ষর। সাক্ষরতার হার বাড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, উপবৃত্তি, শিক্ষাসামগ্রীসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শিক্ষার্থীদের সময়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনের জন্যও আহ্বান জানান প্রধান অতিথি। খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিছুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button