বটিয়াঘাটায় ব্যবসায়ীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ : থানায় অভিযোগ

স্টাফ রির্পোটার : খুলনার বটিয়াঘাটায় এক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. সোহেল পারভেজ। অভিযোগে সোহেল পারভেজ উল্লেখ করেন, বটিয়াঘাটার করেরডোন এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকজনের সঙ্গে তার পারিবারিক বিরোধ চলে আসছে। তার প্রায় ৪০০ বিঘার একটি মৎস্য ঘের রয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা বিভিন্ন সময় ওই ঘের থেকে মাছ চুরির চেষ্টা এবং কর্মচারীদের হুমকি দিয়ে আসছিলেন। লিখিত অভিযোগ অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ঘেরে জাল দিয়ে মাছ ধরার সময় কয়েকজনকে দেখতে পেয়ে তার কর্মচারীরা অভিযান চালিয়ে জাল উদ্ধার করেন। এর পর থেকেই তাকে রামদা নিয়ে মারার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। সোহেল পারভেজের অভিযোগ, ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে খুলনা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরেন তিনি। বাড়ির সামনে রাস্তার ওপর তার নীল রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল রেখে ঘরে প্রবেশ করেন। প্রায় পাঁচ মিনিট পর তার স্ত্রী রান্নাঘরের জানালা দিয়ে মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখেন। এ সময় চিৎকার শুনে পরিবারের সদস্যরা বাইরে এসে আগুন নেভান। অভিযোগকারীর দাবি, তার স্ত্রী দুই ব্যক্তিকে মোটরসাইকেলের কাছ থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সোহেল পারভেজ। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এ বিষয়ে বটিয়াঘাটা থানায় ৯ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।



