জনবল প্রত্যাশী ৩৬ প্রতিষ্ঠানের স্টলে সিভি জমা : নিয়োগের লক্ষ্যমাত্রা পাঁচ শতাধিক

# যশোরে এনজিও চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের ঢল #
যশোর ব্যুরো ঃ যশোরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত দিনব্যাপী এনজিও চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের ঢল নেমেছে। শনিবার সকালে যশোর পিটিআই চত্বরে এ মেলার উদ্বোধন করেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. হেলাল উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমআরএর নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী, পরিচালক আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, আরআরএফের প্রধান নির্বাহী ফিলিপ বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরিনা আক্তার, আর্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রফেসর ড. মো. হেলাল উদ্দীন বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টিতে এনজিও ও মাইক্রোফাইন্যান্স (এমএফআই) খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে এ খাতে প্রায় আড়াই লাখ মানুষ সরাসরি কর্মরত রয়েছেন। প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সম্পৃক্ততা ও কর্মসংস্থান বাড়াতেও এ খাত কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, দেশের প্রায় এক হাজার এনজিও মাঠপর্যায়ে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের বিভিন্ন শূন্য পদে দ্রুত নিয়োগের লক্ষ্যেই চাকরি মেলার আয়োজন করা হয়েছে। যশোরের পর পর্যায়ক্রমে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও বড় পরিসরে চাকরি মেলার আয়োজন করা হবে।
আয়োজকরা জানান, মেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী ৩৬টি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) স্টল দিয়েছে। চাকরিপ্রার্থীরা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরির জন্য সিভি জমা দিচ্ছেন। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। মেলায় কিছু প্রার্থী সরাসরি নিয়োগপত্র পাওয়ার সুযোগও পাচ্ছেন।
মেলায় পাঁচ শতাধিক কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আয়োজকদের দাবি, চাকরি মেলায় প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থীর সমাগম হয়েছে। মেলায় সুযোগ না পাওয়া প্রার্থীদের ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজিত চাকরি মেলায় অংশ নেওয়ার সুযোগ থাকবে।



