স্থানীয় সংবাদ

ডেঙ্গু আক্রান্ত রোগীর সুচিকিৎসা নিশ্চিত ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান

# শ্রমিকদের মাঝে মশারী বিতরণকালে মোহাম্মদ মাহফুজুর রহমান #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, খুলনাসহ সারাদেশে ডেঙ্গু ভয়াবহ রূপধারণ করেছে। ইতোমধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বহু মানুষ মৃত্যু বরণ করেছেন। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১ হাজার ৮৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৪৮ হাজার ৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৫৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এমতাবস্থায় জনসচেতনতা বৃদ্ধিসহ ডেঙ্গুজ্বর প্রতিরোধ এবং তা থেকে রক্ষার জন্য মহান আল্লাহ্ তায়ালার কাছে সাহায্য কামনা করতে হবে। তিনি বলেন, জরুরী ভিত্তিতে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরির পাশাপাশি সরকার, খুলনা সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্ব-স্ব ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সুচিকিৎসা নিশ্চিত ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য তিনি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সর্বস্তরের নেতা-কর্মীদের ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের পর্যাপ্ত সেবা ও ওষুধের ব্যবস্থা করার মধ্যমে বিপদে পাশে দাড়াঁনোর জন্য উদাত্ত আহবান জানান। ডেঙ্গু প্রতিরোধে সুবিধা বঞ্চিত শ্রমিকদের সচেতনা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সদর থানার উদ্যোগে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পুরাতন রেলস্টেশন সংলগ্ন বিআরইএল এর কার্যালয়ে সুবিধা বঞ্চিত শ্রমিক পরিবারের মাঝে মশারী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। খুলনা সদর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি নাসির উদ্দিনের পরিচালনায় মশারি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক খান গোলাম রসুল, খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান। এ সময় ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. হাবিবুর রহমান, শ্রমিক নেতা মাহবুবুর রহমান জুনায়েদ, মোস্তাফিজুর রহমান সোহাগ, শাহিনুল ইসলাম, মোহাম্মদ মাসুম বিল্লাহ, আব্দুল রশিদ, আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম, মো. বুলবুল, নজরুল ইসলাম, আব্দুল খালেক, কামাল হোসেন, আকরাম হোসেন, আব্দুস সালাম, জাহাঙ্গীর হুসাইন, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন । পরে প্রধান অতিথি মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান এলাকার গরীব, অসহায় এবং দু:স্থ শ্রমিকদের মাঝে মশারী বিতরণ করেন। মশারী বিতরণ অনুষ্ঠান শেষে ডেঙ্গু জ্বর থেকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফুজুর রহমান আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এরফলে খুলনাতে তা মহামারী আকার ধারন করেছে। প্রতিদিনই পত্রিকার পাতায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর দেখা যাচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ হতে এখন পর্যন্ত সামগ্রিকভাবে তেমন কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। শ্রমিক কল্যাণ ফেডারেশন তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণ ও সেবা কার্যক্রম অব্যহত রেখেছে। হাদিসের আলোকে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করেন না। মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্যই আমরা আজ এখানে সমাজের বঞ্চিত মানুষের হাতে মশারী তুলে দিচ্ছি তারা যেন ডেঙ্গু প্রতিরোধে সচেষ্ট হন। মহানগরী আমীর বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থা দরকার ছিল যথাসময়ে সরকার সে ব্যবস্থা নিতে পারেনি। অর্থাৎ মশা নিধনের জন্য যা যা করা প্রয়োজন তা সঠিক সময়ে করা হয়নি। সরকারের অব্যবস্থাপনায় চলমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। একইসাথে ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজী, টেন্ডারবাজী ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক সেক্টর আজ ধ্বংসের মুখোমুখি। যা আমাদের এই সোনার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। তাই দেশের এই ক্রান্তিলগ্নে জাতিকে এ অবস্থা থেকে মুক্ত করতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে ও মানবতার পাশে সকলে দাঁড়াবে। তিনি সকলকে এই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাশে থাকার উদাত্ত আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button