ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক গিলাতলার নবগঠিত কমিটির সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : নতুন নেতৃত্বের পথচলাকে বেগবান ও উদ্দীপ্ত করতে ‘ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক গিলাতলা’-এর নবগঠিত কমিটির সংবর্ধনা, শপথ গ্রহণ এবং প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা ও শপথবাক্য পাঠ করানো হয়। পাশাপাশি ‘ক্লিন আপ বিডি’-র মাধ্যমে পরিচালিত ফাস্ট এইড ট্রেনিংয়ে অংশগ্রহণকারী প্রশিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এরপর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও মানবিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ওব্যাট হেল্পার্স বাংলাদেশের অপারেশন ম্যানেজার মাহফুজ আলম বলেন, “তরুণদের এই উদ্যোগ সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে। ওব্যাট সবসময় তরুণ নেতৃত্বের পাশে রয়েছে।”বিশেষ অতিথির বক্তব্যে খুলনা শাখার প্রজেক্ট অফিসার এম হুমায়ুন কবির স্বেচ্ছাসেবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার সারজিল জিলানি, সিনিয়র স্বেচ্ছাসেবক মো. মাকসুদ, গিলাতলা এলাকার স্থানীয় শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবকবৃন্দ। অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য নবগঠিত কমিটির সদস্যদের আগামী দিনের কার্যক্রমে নতুন উদ্দীপনা যুগিয়েছে। ‘নতুন নেতৃত্ব, নতুন প্রত্যয়Ñমানবতার সেবায় এগিয়ে চলুক ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক গিলাতলা’Ñএই স্লোগানে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।



