খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৩৬ : আক্রান্ত ১০ হাজার ৩৮৬

# খুলনায় মৃত্যু ৯ : আক্রান্ত ৩ হাজার ৯২৪
# খুমেক হাসপাতালে মৃত্যু ২১ : ভর্তি ২ হাজার ২৩১
# ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২৬৭, মৃত্যু ১
# খুমেক হাসপাতালে নতুন ৩০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড চালু
স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ হাজার ৩৮৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শনিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ৩০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওয়ার্ডটির উদ্বোধন করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম জানান, ডেঙ্গু ওয়ার্ডটি ৩০ শয্যার হলেও প্রয়োজন হলে সেখানে ৪৫ থেকে ৫০ জন রোগী রাখা সম্ভব হবে।
পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগের পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২৬৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৪০ জন এবং বেসরকারি হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৩ জন। উন্নত চিকিৎসার জন্য ২৪৭ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।
ডেঙ্গুতে মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালে চলতি বছর এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। খুলনা জেলায় মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়া বাগেরহাটে তিনজন, যশোরে দুজন এবং চুয়াডাঙ্গায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। জেলা ও হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ জেলায় মোট ভর্তি হয়েছেন ৩ হাজার ৯২৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪১৮ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত এ হাসপাতালে মোট ২ হাজার ২৩১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৪৯ জন। এদিকে বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নয়জন, সাতক্ষীরায় সাতজন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আটজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যশোরে নতুন করে ৪৬ জন, নড়াইলে ১১ জন, কুষ্টিয়ায় ছয়জন, চুয়াডাঙ্গায় তিনজন এবং মেহেরপুরে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।



