ক্রিসেন্ট জুট মিল আলিম মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ খুলনার খালিশপুরের ক্রিসেন্ট আলিম মাদ্রাসার সভাপতি এস এম জাফর সাদিকসহ কয়েকজন শিক্ষক ও সদস্যের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, আর্থিক লেনদেন ও মাদ্রাসায় গ্রুপিংয়ের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. ইব্রাহিম। একই সঙ্গে তার বিরুদ্ধে করা বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি। শনিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে অধ্যক্ষ মো. ইব্রাহিম এসব অভিযোগ তুলে ধরেন। অধ্যক্ষের দাবি, গত ১৫ সেপ্টেম্বর মাদ্রাসার সভাপতি এস এম জাফর সাদিক কয়েকজন শিক্ষক ও সদস্যকে নিয়ে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। ওই অভিযোগের জবাব এবং প্রকৃত তথ্য তুলে ধরতেই তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।



