স্থানীয় সংবাদ

নগরীতে নিষিদ্ধআ’লীগের মিছিল থেকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি

স্টাফ রিপোর্টার : খুলনায় নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের একটি মিছিল থেকে “জয় বাংলা শ্লোগান” দিয়ে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় মিছিলকারীরা তার বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন বলেও অভিযোগ করেছেন তিনি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানাধীন টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মঞ্জুরুল আলমের দাবি, ঘটনার সময় তিনি বাসায় শুয়ে ছিলেন। এ সময় বাইরে থেকে ২০-২৫ জনের একটি মিছিলের ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান। তখন মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে তিনি বাসার ভেতরে ঢোকার সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, মিছিলকারীরা তার বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হননি বলে জানান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘এ ধরনের একটি ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।’

খুলনা বিভাগে এক দিনে ১০৫ সন্দেহজনক হাম রোগী : মৃত্যু ১
স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় নতুন করে ১০৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১০১ জন। সন্দেহজনক হামে কুষ্টিয়া জেলায় একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২২ জন; নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত জেলাভিত্তিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায় ১৮ জন। এ সময়ে জেলায় ১৮ জন হাসপাতালে ভর্তি এবং ১৬ জন ছাড়পত্র পেয়েছেন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে একজন এবং সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে।
খুলনায় গত ২৪ ঘণ্টায় ২০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২০ জনই ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২ জন।
বাগেরহাটে ১৯ জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গায় ৯ জন, নড়াইলে ৮ জন, সাতক্ষীরায় ৯ জন, মেহেরপুরে ১ জন এবং মাগুরায় ১১ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ২৮৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৮৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১১ হাজার ৩৭০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে বিভাগে ৪৫ জনের সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ২৩ জন, কুষ্টিয়ায় ১৫ জন, ঝিনাইদহে ৫ জন এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৯৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য নেই।
জেলাভিত্তিক হিসাবে দীর্ঘ সময়ের মোট রোগীর সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে কুষ্টিয়া, খুলনা ও ঝিনাইদহে। কুষ্টিয়ায় ২ হাজার ৮৭৪ জন, খুলনায় ২ হাজার ১৪৭ জন এবং ঝিনাইদহে ১ হাজার ১৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি বিভাগজুড়ে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ফলে হাম পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে রোগী ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button