বটিয়াঘাটায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক।

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাগর গাজী (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে আন্ধারিয়া গ্রামে ওই শিশুর সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। ঘটনার সময় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে অভিযুক্তকে ধাওয়া করেন। পরে ওই ব্যক্তির জিজ্ঞাসাবাদে শিশুটি ঘটনার কথা জানায়।
বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্ত সাগর গাজীকে খুঁজতে থাকেন। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আন্ধারিয়া তিন রাস্তার মোড়ে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয় এবং পরে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাগর গাজীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত সাগর গাজী আন্ধারিয়া গ্রামের ইনসান গাজীর ছেলে। ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



