খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ২৬৪ জন হাসপাতালে

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৬৩ জনে। একই সময়ে ডেঙ্গুতে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বাধিক ৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৩ জন ভর্তি হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪২ জন।
এ ছাড়া যশোরে ৬০ জন, ঝিনাইদহে ১৫ জন, সাতক্ষীরায় ১৩ জন, চুয়াডাঙ্গায় ১০ জন, মেহেরপুরে ৭ জন, নড়াইলে ৬ জন, কুষ্টিয়ায় ৬ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত খুলনা জেলায় মোট ৪ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ সময়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৭৮ জন এবং মারা গেছেন ২৪ জন।
এ ছাড়া বাগেরহাটে ১ হাজার ৮৯৮ জনের মধ্যে ৩ জন, সাতক্ষীরায় ৩৪৫ জনের মধ্যে কেউ মারা যাননি, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৯ জনের মধ্যে কেউ মারা যাননি, যশোরে ১ হাজার ৩০৯ জনের মধ্যে ২ জন, চুয়াডাঙ্গায় ৯৯ জনের মধ্যে ১ জন এবং অন্যান্য জেলাতেও ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভাগে এ পর্যন্ত ১১ হাজার ৬৬৭ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৩৪ জন। এছাড়া ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩১৬ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।



