স্থানীয় সংবাদ

কুয়েটে প্রথমবার লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ ও লিন- কুয়েটের যৌথ উদ্যোগে ক্যারিয়ার কানেক্ট ২০২৬ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

# প্রাক্তনদের অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা পেলেন লেদার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার কানেক্ট ২০২৬’। ৩ অক্টোবর শনিবার সকাল ১০টায় কুয়েট অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনা দেন। কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন (এলইএ) এবং লেদার ইঞ্জিনিয়ার্স অ্যালামনাই নেটওয়ার্ক (লিন-কুয়েট) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে লিন-কুয়েটের এটি প্রথম আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মোহাম্মদ ইলিয়াস ইনাম। বিশেষ অতিথি ছিলেন কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. হাসান আলী। সভাপতিত্ব করেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও এলইএর সভাপতি অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মো. সামছুল আরেফিন দেশের লেদার ও ফুটওয়্যার খাতের সম্ভাবনা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের জন্য প্রাক্তনদের এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পরে লিন-কুয়েটের পক্ষ থেকে সদস্য সচিব ড. আলম শোভন অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মোহাম্মদ ইলিয়াস ইনাম শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. হাসান আলী বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও পরামর্শ বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে লিন-কুয়েটের আহ্বায়ক এস কে মোহাম্মদ রনি দেশের লেদার ইঞ্জিনিয়ারিং খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা করেন। তিনি কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকার বিষয়টি তুলে ধরে চাকরির প্রস্তুতি ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন। অনুষ্ঠানের পরবর্তী টেকনিক্যাল সেশনে বিভাগের নয়জন প্রাক্তন শিক্ষার্থী চামড়া ও পাদুকা শিল্পের বিভিন্ন কর্মক্ষেত্র, উৎপাদন ব্যবস্থাপনা, সরবরাহ ব্যবস্থা, উদ্যোক্তা উন্নয়ন, ব্যাংক ও সরকারি চাকরি, উচ্চশিক্ষা, জীবনবৃত্তান্ত তৈরি এবং চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি নিয়ে নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় অনলাইনে যুক্ত হয়ে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়েও আলোচনা করেন একজন প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এপেক্স ফুটওয়্যার লিমিটেড, বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, জনতা ব্যাংক পিএলসি এবং কিবান ট্রেড ইন্টারন্যাশনাল ও কিবান গ্রুপের প্রতিনিধিরাও তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করেন। পরে প্যানেল আলোচনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সমস্যা সমাধান, ক্যারিয়ার পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পোস্টার প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শিল্পখাতের পেশাজীবীদের মধ্যে নিয়মিত যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই ‘ক্যারিয়ার কানেক্ট’-এর অন্যতম উদ্দেশ্য। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, সম্ভাবনা ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button