স্থানীয় সংবাদ

মহানগরীর পূজামন্ডপসমূহে অনুদান প্রদান অনুষ্ঠানে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম বলেছেন, শারদীয় দুর্গাপূজায় আমাদের এই শহর সকল সময়ে উৎসবমুখর থাকে। শহরের প্রায় সকলেরই সনাতন ধর্মালম্বীদের সাথে রয়েছে নিবীড় সম্পর্ক। পারস্পারিক বোঝাপড়ার মধ্য দিয়েই এই সম্পর্ক গড়ে উঠেছে। কেসিসি প্রশাসক শনিবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে মহানগরীর পূজামন্ডপসমূহে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিবছর খুলনা সিটি কর্পোরেশন থেকে এ অনুদান প্রদান করা হয়। প্রশাসক আরো বলেন, উৎসবমূখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনের জন্য সর্বোচ্চ সতর্কতা ও সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী যেখানে যা যা প্রয়োজন তা করা হবে এবং ইতোমধ্যে পূজা উদযাপন পরিষদ কর্তৃক উত্থাপিত বিষয়গুলি সমাধান করার জন্য কর্মকর্তাদের পৃথকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পূজা শুরুর পূর্বেই বিষয়গুলির সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রশাসক ওয়ার্ড এলাকার পূজামন্ডপগুলি পরিদর্শন ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের পাশে থাকার আহবান জানান। একই সাথে তিনি পূজামন্ডপ এলাকার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া তিনি পূজা চলাকালীন যানজট নিরসনে ট্রাফিক বিভাগের প্রতি এবং পূজামন্ডপে নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের জন্য মন্ডপ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। খুলনা শহরের সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ উন্নয়নের আওতায় আনা হবে বলে প্রশাসক উল্লেখ করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন এন্ড ফিনান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, সমাজসেব আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী সত্যানন্দ দত্ত, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার সাহা, শীতলামাতা ঠাকুরাণী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহাসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশাসক মহানগরীর ৭৭টি পূজামন্ডপের প্রত্যেকটিতে ১০ হাজার টাকা করে অনুদানের নগদ অর্থ পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের হাতে তুলে দেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button