খুলনায় ৮ দিনে গ্রেপ্তার ২৫৫ : অস্ত্র-মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার : খুলনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে আট দিনে ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা, দেশীয় মদ, একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া রূপসায় আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র একাধিক সদস্য এবং বটিয়াঘাটায় আলোচিত হাবিবুর রহমান সবুজ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি অনুপম মহলদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টায় খুলনা জেলা পুলিশের পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ৬ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ১৯টি মাদক মামলায় ৬৮৮ পিস ইয়াবা, এক কেজি ৯০৫ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেল চেকিং অভিযানে এক হাজার ৮৭৫টি মোটরসাইকেল পরীক্ষা করে ২৬৬টি মামলা করা হয় এবং ১৯৫ জনকে আটক করা হয়। বিশেষ অভিযানে রূপসা থানা এলাকায় ‘বি-কোম্পানি’র সদস্য হিসেবে পরিচিত মিরাজ গাজী, শামিম শেখ, সাজ্জাদ হোসেন সাগর, সাইদুল ওরফে সাইদুর ইসলাম, সাব্বির হোসেন, ইয়াছিন আরাফাত ওরফে রাজু, কামাল শেখ, রনি মোল্লা ও সুমন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন হত্যা ও দস্যুতার মামলায় তদন্তে সন্দেহভাজন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে গত ৯ অক্টোবর ভোরে রূপসার রামনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাজু মোড়ল (৪২) নামের এক ব্যক্তিকে একটি পিস্তল ও ৭.৬৫ এমএমের দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে রূপসা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অন্যদিকে, মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে বটিয়াঘাটা থানার হাটবাটি এলাকায় অভিযান চালিয়ে অনুপম মহলদারকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি বটিয়াঘাটা থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্তে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ২০১৯ সালে খুলনা মহানগরীতে হাবিবুর রহমান সবুজের খ-িত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলাও রয়েছে। মামলাটির তদন্ত শেষে পিবিআই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সেখানে অনুপম মহলদারের নাম রয়েছে। এ ছাড়া খালিশপুর ও ফুলতলা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলার অভিযোগপত্রেও তাঁর নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



