খুলনায় ইমাদ পরিবহনের ধাক্কায় স্বর্ণ ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার : খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মিলন কুমার ভদ্র (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এনসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন কুমার ভদ্র ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা এলাকার বাসিন্দা উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। তিনি পেশায় স্বর্ণ ও নার্সারি ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মোটরসাইকেলে করে খুলনায় যাচ্ছিলেন মিলন কুমার। গুটুদিয়া এলাকায় মহাসড়কের এক পাশে সংস্কারকাজ চলমান থাকায় তিনি অপর পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৩৬ নম্বরের একটি যাত্রীবাহী ইমাদ পরিবহন তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে প্রচ- রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। খর্ণিয়া হাইওয়ে থানার ইনচার্জ এসআই মুন্সী পারভেজ হাসান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



