সিইউসি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দঘন দিন ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন

# খুলনায় খুলনা ব্যাচ ৯৮-০০ এর উদ্যোগে #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড’ কর্তৃক পরিচালিত (সি ইউ সি) স্কুলে খুলনা ব্যাচ ৯৮-০০ -এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক জমকালো ও আনন্দঘন আয়োজন সম্পন্ন হয়েছে। সমাজের অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। এরপর সি ইউ সি সংগঠনের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব রোটারিয়ান পিপি ইফতেখার আলী বাবুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে খুলনা ব্যাচ ৯৮-০০-এর পক্ষ থেকে শিশুদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ এবং একটি আনন্দদায়ক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিশেষ মুহূর্তটিতে অতিথিরা নিজ হাতে পরম স্নেহে শিশুদের খাবার খাইয়ে দেন, যা পুরো প্রাঙ্গণে এক আবেগঘন ও হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি করে। খাবারের পাশাপাশি শিশুদের মানসিক ও নৈতিক বিকাশের লক্ষ্যে একটি বিশেষ ইসলামী মোটিভেশনাল ক্লাস এবং আকর্ষণীয় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিশুরা স্বতঃস্ফূর্তভাবে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সমাপনী পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ সি ইউ সি স্কুলের কার্যক্রমের উচ্চ প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সি ইউ সি-র এই মহতী উদ্যোগে নিয়মিত পাশে থাকার জোরালো আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, অত্যন্ত আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে।


