স্থানীয় সংবাদ

খুলনা বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরে উদ্ধার : গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া একটি কালো রঙের নোহা মাইক্রোবাস উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। খালিশপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাত ১১টা ১০ মিনিটে মাইক্রোবাস উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে খালিশপুর থানা পুলিশ। অভিযানে প্রথমে খুলনার পাইকগাছা থানা এলাকা থেকে মো. আসাদুজ্জামান দুলু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২ নভেম্বর রাত ৩টা ২০ মিনিটে যশোরের বাঘারপাড়া থানার নারিকেলবাড়িয়া এলাকা থেকে মো. রবিউল ইসলাম (৩৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পরে রবিউলের দেওয়া তথ্য অনুযায়ী, বাঘারপাড়া থানার নারিকেলবাড়িয়া এলাকার প্রধান সড়কের পাশে একটি বাগানের ভেতর থেকে চুরি হওয়া কালো রঙের নোহা মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল ইসলামের বিরুদ্ধে একাধিক মাইক্রোবাস চুরির মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।বিষয়টি নিয়ে খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহজান আহমদ বলেন, চুরির ঘটনার পরপরই আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান শুরু করি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া নোহা মাইক্রোবাসটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button