প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন খুলনাবাসীর জন্য গৌরব ও আনন্দের

# প্রধানমন্ত্রীর আগমনে নিউমার্কেট ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনকালে কেডিএ চেয়ারম্যান মনা #
খবর বিজ্ঞপ্তি ঃ আসন্ন ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র খুলনা সফরকে কেন্দ্র করে এবং নগরীর সার্বিক সৌন্দর্যবর্ধন, শৃঙ্খলা ফেরানো ও নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা কেডিএ নিউ মার্কেট এবং সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা সশরীরে পরিদর্শন করেছেন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পরিদর্শন শেষে কেডিএ চেয়ারম্যান মার্কেট ও বাস টার্মিনালের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
পরিদর্শণকালে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুলনা আগমন আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের একটি বিষয়। তাঁর এই সফরকে কেন্দ্র করে খুলনা মহানগরীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে দেশবাসীর সামনে উপস্থাপন করতে হবে। কেডিএ নিউ মার্কেট এবং সোনাডাঙ্গা বাস টার্মিনাল খুলনা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দু’টি জনবহুল ও বাণিজ্যিক পয়েন্ট। এই স্থানগুলোতে যেন কোনো ধরনের যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, নগরবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী একটি বাসযোগ্য খুলনা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকার আধুনিকায়ন এবং নিউ মার্কেট চত্বরের শৃঙ্খলা রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে সফল ও সার্থক করতে এবং খুলনার সার্বিক উন্নয়ন যাত্রাকে গতিশীল করতে কেডিএ-র পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও সহযোগিতা অব্যাহত থাকবে। পরিদর্শনকালে চেয়ারম্যান শফিকুল আলম মনা সংশ্লিষ্ট এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, কেডিএ’র সদস্য মো. ইকবাল হোসেন (উপসচিব) ও রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, পরিচালক (এষ্টেট) ড. জাকিয়া সুলতানা, সিনিয়র বৈষয়িক অফিসার মো. আব্দুল্লাহ্ কবি সাদ, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাঈদুল হক, অথরাইজড অফিসার মোরতোজা আল মামুন, নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন প্রমুখ।



