খালিশপুরে কসাইখানায় মরা গরু জবাইয়ের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে কেসিসি

# ইউনুস-জাসু কসাইয়ের বেপরোয়া আচরণে স্টাফরা অসহায় #
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের বাধায় নগরবাসী অসুস্থ্য ও মরা গরুর মাংস খাওয়া থেকে রক্ষা পেল। মঙ্গলবার রাত ৮টার দিকে খালিশপুর কসাইখানায় এ ঘটনা ঘটে। ইউনুস, জাসু কসাইয়ের বেপরোয়া আচরণে কেসিসির কসাইখানার স্টাফরা অসহায় হয়ে পড়েছে। সূত্র মতে, মঙ্গলবার মাগরিবের নামাজের সময় খালিশপুর কসাইখানার দারোয়ান কাম পরিচ্ছন্ন কর্মী রমজান আলী নিউ মার্কেট বাজার মসজিদে নামাজ আদায় করতে যান। এ সুযোগে কসাই ইউনুস ও জাসু কসাইখানার ভিতর দু’টি অসুস্থ্য গরু নিয়ে আসে। নামাজ শেষে রমজান কসাইখানায় এসে বিষয়টি দেখে তিনি অসুস্থ গরু কসাইখানা থেকে বের করে নেয়ার জন্য বলেন। বিষয়টি তারা কর্ণপাত না করায় রমজান এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানায়। এর মধ্যে অসুস্থ একটি গরু মারা যায়। অপর গরুটি কসাইখানা থেকে বের করার জন্য বলেন। তার সাথে এলাকাবাসীও যুক্ত হয়। তখন তারা মারা যাওয়া গরুটি ভৈরব নদীতে ফেলে দিবে বলে নিয়ে যায়। আর বেঁচে থাকা অপর অসুস্থ্য গরুটি পরে তারা কসাইখানা থেকে বের করে নিয়ে যায়। তবে তারা কোথায় নিয়ে গেছে সে ব্যাপারে কোন পক্ষই কিছু বলতে পারেনি। বিষয়টি রমজান তাৎক্ষণিক কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাসকে অবগত করেন। তিনি বলেন, বিষয়টি তারা তদন্ত করে দেখবেন। তাছাড়া ওই দু’জনের কারোরই কসাইয়ের লাইসেন্স নেই। এ জন্য বিষয়টি তারা সংশ্লিষ্ট থানা পুলিশকে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে জানাবেন। একটি সূত্র জানায়, এই ইউসুফ ও জাসু কসাই সবসময় সরকারি দলে থেকে মরা বা অসুস্থ্য পশু জবাই করে নগরীতে সাপ্লাই দেয়। তারা কসাইখানার স্টাফদের সাথেও খারাপ আচরণ করে বলে অভিযোগ রয়েছে। এ দু’জনের নগরীতে কোথাও মাংসের দোকান নেই। তারা অসুস্থ্য পশু জবাই দিয়ে নগরীর বিভিন্ন মাংসের দোকানে সরবরাহ করে থাকে। যা মানব স্বাস্থের জন্য চরম ক্ষতিকর বলে সূত্রটি জানায়। কসাই ইউসুফ বলেন, তারা বিকেলে ২টি গরু কসাইখানায় এনে রাখেন। তার মধ্যে একটি অসুস্থ অপরটি সুস্থ্য ছিল। কিন্তু রাত ৮টার দিকে তাকে ফোন করে বলে সুস্থ্য গরুটি মারা গেছে। পরে তিনি কসাইখানায় যান এবং পুলিশ এবং ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে মরা গরুটি নদীতে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়। আর অপর গরুটি সকালে মালিককে ফেরৎ দেয়া হয়। জাসুর সাথে তার সম্পর্ক ভাল। তার ভেটেনারি লাইসেন্স নেই। তিনি ভাড়া নিয়ে আগে খালিশপুর নিউ মাকের্টে মাংসের ব্যবসা করতেন এখন করছেন না। তিনি কসাইখানার স্টাফদের সাথে খারাপ আচরণ করেন না বলে দাবি করেন। ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, যতটা না ঘটেছে তার চেয়ে বেশী প্রচার হয়েছে। গরু মরে যাওয়ার পর কসাই ইউসুফকে খবর দেয়া হয়। তবে সে দেরিতে আসায় বিষয়টি জানাজানি হয়। মরা গরুটি নদীতে ফেলার জন্য নিয়ে যায়।

