যশোরের দুই যুবককে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ মামলায় জামাল ৩ দিনের রিমান্ড

যশোর ব্যুরো ঃ যশোর ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের দুই যুবককে ইতালিতে চাকরি দেওয়ার প্রলোভনে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মামলায় আটক জামাল হাওলাদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ১৮ নভেম্বর যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জায়েদ আহমেদ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আটক জামাল হাওলাদার খুলনার রূপসা উপজেলার পশ্চিম নন্দনপুর গ্রামের মৃত চাঁন মিয়া হাওলাদারের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের সুমন হোসেন ও উজ্জ্বল হোসেনকে ইতালিতে উচ্চ বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখান মামলার আসামি আইনাল সরদার। বিদেশে পাঠানোর খরচ বাবদ তাঁদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা নেওয়া হয়। পরে ২০২২ সালের ২৭ জুন ঢাকা থেকে বিমানে তাঁদের লিবিয়ায় পাঠানো হয়। অভিযোগ রয়েছে, ইতালিতে না নিয়ে লিবিয়ার একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে দুই যুবককে জিম্মি করা হয়। এরপর আইনাল সরদার ও আসমা খাতুনের মাধ্যমে পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে দুই যুবককে লিবিয়ার মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। মামলায় আরও অভিযোগ করা হয়, জিম্মি অবস্থায় দুই যুবকের ওপর শারীরিক নির্যাতনের ছবি ও ভিডিও পরিবারের সদস্যদের কাছে পাঠানো হয়। তাঁদের জীবন রক্ষার জন্য পরিবারের সদস্যরা বিভিন্ন আসামির ব্যাংক হিসাবে মোট ২২ লাখ টাকা জমা দেন। এর মধ্যে জামাল হাওলাদারের ব্যাংক হিসাবে চার লাখ টাকা পাঠানো হয়। এ ঘটনায় তদন্তের ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর খুলনা সদর হাসপাতাল মোড় এলাকা থেকে জামাল হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি যশোরের পুলিশ পরিদর্শক প্রভাষ মল্লিক গ্রেপ্তার জামাল হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

