কেএমপির সভায় ৫০ পুলিশ সদস্যকে পুরস্কৃত : অবসরে যাওয়া ৮ জনকে সম্মাননা

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কল্যাণ সভা ও মাসিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) কেএমপি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান। কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা শুনে তা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ কমিশনার। এ সময় অবসরপ্রাপ্ত আটজন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহারসামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৬ মাসে পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, কেএমপির প্রতিটি অর্জন সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের ফসল। তিনি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদার আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে মাসিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং খুনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নাজমুল হাসান, পিপিএমসহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



