জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে সরকারের দায়িত্ব পালনের সার্থকতা কোথায় : গোলাম রসুল এমপি

# যশোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল #
যশোর ব্যুরো ঃ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম, শাহাবুদ্দীন বিশ্বাস, মাওলানা ইসমাইল হোসেন, জয়নাল আবেদিন ও পেশাজীবী থানার সভাপতি আবু ফয়সলসহ অন্য নেতারা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে সরকারের দায়িত্ব পালনের সার্থকতা কোথায়?
তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যে দলেরই হোক, অপরাধীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, জামায়াতে ইসলামী ন্যায়বিচার, আইনের শাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত জুলুম-নির্যাতন, গুম-খুন ও রাজনৈতিক নিপীড়নের বিচার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি বর্তমান সময়ে সংঘটিত সন্ত্রাস, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাতেও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যান্য বক্তারা বলেন, দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ও জীবিকা যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি জানান।



