স্থানীয় সংবাদ

বিনা মূল্যের ড্রাইভিং প্রশিক্ষণে অর্থ আদায়ের অভিযোগ : খুলনায় দুদকের অভিযান

# ৪ মাসে ২০ হাজার টাকা ভাতা প্রদান না করে উল্টো ২ হাজার ৫শ’ টাকা করে আদায় #

স্টাফ রিপোর্টার ঃ সরকারি অর্থায়নে পরিচালিত বিনা মূল্যের ড্রাইভিং প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রশিক্ষণ শুরুর ৪ মাস পর প্রত্যেক প্রশিক্ষণার্থীর ২০ হাজার টাকা ভাতা পাওয়ার কথা থাকলেও ড্রাইভিং লাইসেন্সের চূড়ান্ত পরীক্ষার সময় তাঁদের কাছ থেকে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলনা বিআরটিসি ও বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মোট প্রশিক্ষণ ৪ মাস, মোট ক্লাস ৮০টি, প্রতিদিনের উপস্থিতির জন্য ভাতা ২৫০ টাকা, ৮০ দিনে ২৫০ টাকা করে মোট ২০ হাজার টাকা ভাতা না দিয়ে উল্টো ২ হাজার ৫শ’ টাকা করে আদায় চরম দুর্ণীতি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুদকের উপসহকারী পরিচালক মহসিন আলী, শামীম রেজা ও হাসিবুর রহমান অংশ নেন। অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপসহকারী পরিচালক মহসিন আলী জানান, বিআরটিসির চার মাসব্যাপী ড্রাইভিং ও বেসিক রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ পায় দুদক। অভিযোগ অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্সের চূড়ান্ত পরীক্ষার সময় প্রত্যেক প্রশিক্ষণার্থীর কাছ থেকে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিটি ব্যাচে ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সরকারি নিয়ম অনুযায়ী, চার মাসব্যাপী এ প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়ার কথা। এ জন্য প্রশিক্ষণার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়ার বিধান নেই। বরং প্রশিক্ষণ শুরুর ৪ মাস পর প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা রয়েছে। মহসিন আলী আরও বলেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বিআরটিএর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ পান। অথচ সেই পরীক্ষার সময়ই অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি অর্থায়নে পরিচালিত বিনা মূল্যের প্রশিক্ষণে কেন প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button