আ. লীগ ২২২ স্বতন্ত্র ৬২ জাপা ১১ অন্যান্য ৩ স্থগিত ২, একটিও আসন পায়নি ২৩টি দল

প্রবাহ রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। ফলে এ নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। পাশাপাশি ৬২ আসনে বিজয়ী হয়ে দ্বিতীয় স্থানে স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন এবং ১৪ দলের শরীক অন্যান্যরা পেয়েছে ৩টি আসন। এরা হলো জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ১টি। দুটি আসনে ভোট স্থগিত এই হলো মোট ৩০০ আসনের শেষ সংবাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও ২৩ দলকে খালি হাতে ফিরতে হলো। আসন পেয়েছে মাত্র পাঁচটি দল। হাঁকডাক করে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের ১৩৫ জন প্রার্থী থাকলেও সবারই শোচনীয় পরাজয় হয়েছে। গত রোববার দিনভর ৩০০ আসনে ভোটগ্রহণ হয়। এরমধ্যে নওগায় স্বতন্ত্র ও ময়মনসিংহ-৩ আসনে ফলাফল স্থগিত রাখা হয়েছে। নওগাঁ-২ আসনের বৈধভাবে মনোনীত প্রার্থী আমিনুল হকের মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া নওগাঁ-২ (পতœীতলা ও ধামইরহাট) আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। ময়মনসিংহ-৩ আসনে ভোট গ্রহণের সময় অনিয়মের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সোমবার বিকালে নির্বাচন কমিশন (ইসি) থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে ২৯৮টি আসনে নির্বাচন কমিশন (ইসি) বেসরকারি ফলাফল ঘোষণা করে। এতে নৌকা প্রতীকের নিরঙ্কুশ বিজয় দেখা গেছে। ইসি সচিব মো. আলমগীর আলম রাত ৩টার পর আর ফলাফল ঘোষণা করেননি। তবে ফলাফলের সার্বিক চিত্র বের করতে নির্ঘুম রাত কাটান অন্যান্য কর্মকর্তারা। এতে দেখা গেছে, তৃতীয় সর্বোচ্চ জাতীয় পার্টি ১১টি আসনে জয়ী হয়েছে। জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরা এবার জিতেছেন মাত্র তিনটি আসনে।



