জাতীয় সংবাদ

রাজধানীর পৃথক এলাকা থেকে ৪ লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর পৃথক এলাকা থেকে শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে, রাজধানীর খিলগাঁও থানাধীন তালতলা এলাকার একটি বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। ওই যুবকের নাম কাজী আরিফিন (২৭)। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামপুরা থানার এসআই তাপস কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ভোরের দিকে ওই বাসায় যাই। সেখানে গিয়ে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত কাজী আরিফিন পেশায় রেন্ট-এ কার চালক ছিলেন। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে স্ত্রীর সঙ্গে তার বাগবিত-া হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জানা গেছে, নিহত যুবক শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জলগাঁও গ্রামের মতিউর রহমানের সন্তান। বর্তমানে খিলগাঁও তালতলার জামতলা এলাকায় থাকতেন।
ছাদ থেকে পড়ে মৃত্যুঃ এদিকে রাজধানীর চকবাজার ইসলামবাগে ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে শফিকুল ইসলাম (২৩) নামে এক যুবক মারা গেছেন। তবে পরিবার ধারণা করছে, অতিরিক্ত গরমের কারণে ছাদে বাতাস খেতে গিয়ে এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চকবাজার ইসলামবাগের বাসায় ঘটনাটি ঘটে। সংকটাপন্ন অবস্থায় স্বজনরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাতে মারা যান। শফিকুলের চাচা হাজী মোঃ বাদল জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামে। শফিকুলের বাবার নাম আবদুর রশীদ হাওলাদার। তারা বর্তমানে চকবাজার ইসলামবাগের ওই বাসার ছয়তলায় ভাড়া থাকেন। ইসলামপুরে তাদের কাপড়ের ব্যবসা আছে। তিনি আরও জানান, আজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শফিকুল সারাদিন বাসায় ছিল। ধারনা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে ছাদে গিয়েছিলেন শফিকুল। সেখান থেকে অসাবধানতাবসত নিচে পড়ে যান তিনি। দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানায় জানানো হয়েছে।
বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুঃ রাজধানীর ওয়ারী বনগ্রাম এলাকার একটি বাসায় বালতির পানিতে পড়ে আমেনা নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বনগ্রাম রোড পানির টাংকির পাশে ৩৭/৭ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা তাজুল ইসলাম জানান, বাড়িটির দ্বিতীয় তলার একটি ফ্লাটে ভাড়া থাকেন তারা। সকালে বাচ্চাটির মা খোদেজা আক্তার রান্না করছিলেন। আর বাবা রুমে বসে ছিলেন। এ সময় শিশুটি রুমে একাই হেঁটে হেঁটে খেলছিল। তবে কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে বাথরুমে গিয়ে দেখেন, বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে শিশুটি। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে তুলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তারা। তবে চিকিৎসক তাকে মৃত্যু বলে জানান। স্বজনা জানান, দুই বোনের মধ্যে আমেনা ছোট। তার বাবা তাজুল ইসলাম পুরান ঢাকায় হার্ডওয়ারের ব্যবসা করেন। আর মা খাদিজা আক্তার গৃহিণী। তাদের বাড়ি ফেনীর সদর উপজেলায়। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ওয়ারী থানা পুলিশকে জানানো হয়েছে।
যুককের লাশঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি পানিযুক্ত ঝোপঝাড় থেকে হাত বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ। তার আনুমানিক বয়স হবে ৩৫ বছর। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান। ওসি জানান, এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি। সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। লাশটি যাত্রাবাড়ী এলাকায় একটি পানিযুক্ত ঝোপঝাড়ে পড়েছিল। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে পিছন দিক থেকে ওই মরদেহের হাত বাঁধা ও গলিত। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button