জাতীয় সংবাদ

ফরিদপুরে স্কুলে আতঙ্কে অসুস্থ ১৩ ছাত্রী

প্রবাহ রিপোর্ট : ফরিদপুরের নগরকান্দায় শ্রেণিকক্ষে কথিত ‘ভূত’ আতঙ্কে ১৩ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার দুপুরে উপজেলার শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের চারতলা ভবনের একটি শ্রেণিকক্ষে ‘অশরীরী কিছু একটার উপস্থিতি টের পায়’ বলে জানায় শিক্ষার্থীরা। এরপর তাদের অনেকেই ভয়ে অসুস্থ হয়ে পড়ে। স্কুলের ছাত্রীরা বলে, আমরা কয়েকজন বসে কথা বলছিলাম। এমন সময় দেখি কালো বোরকা পরা চোখ লাল, লম্বা একজন মানুষ। দেখেই একজন অসুস্থ হয়ে পড়ে। এরপর যারাই দেখেছে তারাই অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার একটি মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে এসে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করেন। বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির বলেন, সংবাদ পাওয়ার পর পরই ওই স্কুলে যাই। স্কুলের ছাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারি, তারা অশরীরী কিছুর উপস্থিতি দেখতে পেয়ে অসুস্থ হয়ে পড়ে। স্কুলে একটি মেডিকেল টিমও আনা হয়। ছাত্রীদের সুস্থ করে অভিভাবকদের সঙ্গে বাড়ি পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আমাদের কাছে মনে হয়েছে, অতিরিক্ত গরম এবং শিক্ষার্থীদের প্রিটেস্ট পরীক্ষা সামনে, এ কারণে তাদের ওপর চাপ ছিল। এ ছাড়া এখনকার বাচ্চারা রাত জেগে মোবাইল ফোন চালায়, সে কারণে ঘুম কম হয়। সবমিলিয়ে একটা কিছু হয়েছে। তবে বিষয়টি তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরই বিষয়টি আরও পরিষ্কার হবে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, সংবাদ পেয়ে স্কুলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা কিছু একটা দেখে ভয় পেয়েছে। গরমের কারণেও এটা হয়ে থাকতে পারে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি তদন্তে বিষয়টি উঠে আসবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button