ধানক্ষেতে মিলল শিশুর লাশ

প্রবাহ রিপোর্ট ঃ নরসিংদীর মনোহরদীতে নিখোঁজের ২৬ ঘণ্টা পর ধানক্ষেত থেকে আয়েশা নামে দেড় বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টায় মনোহরদী পৌরসভার ৯নং ওয়ার্ড হাতিরদিয়া এলাকার ধানক্ষেত থেকে আয়েশার লাশটি উদ্ধার করা হয়। নিহত আয়েশা মনোহরদী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাররদিয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে। নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে পরিবারের সদস্যরা আয়েশাকে বাড়ির কোথাও খোঁজে পাচ্ছিলেন না। পরে তারা বাড়ির আশপাশে খোঁজেও আয়েশার কোনো সন্ধান পাননি। পরে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ পোস্ট দিয়ে আয়েশার সন্ধান চায়। মেয়েকে খোঁজে না পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে ধানক্ষেতে আয়েশার লাশ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী। পরে তিনি পরিবারকে খবর দিলে তারা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আয়েশার লাশ উদ্ধার করে। মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছো। শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।



