জাতীয় সংবাদ

রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে আন্দোলনের আহ্বান : ড. মাহমুদুর রহমান

প্রবাহ রিপোর্ট : ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে আগামী রোববারের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। অন্যথায় আগামী সোমবার থেকে দুর্বার আন্দোলনের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান ড. মাহমুদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মতবিনিময় সভার আয়োজন করে। মাহমুদুর রহমান বলেন, গত ১৬ বছরে বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে, তার জন্য দায়ী ছাত্রলীগ। আগামী রোববারের মধ্যে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে সোমবার থেকে আমার দাবির সমর্থনে আপনারা এখানে আন্দোলন শুরু করবেন। নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমি ঢাকায় মাঠে থাকব। আপনারা এখানে মাঠে থাকবেন। আওয়ামী লীগ থেকে মুক্তি পেতে হলে আগে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে হবে। তিনি বলেন, দুটো লক্ষ্যে ছাত্র-জনতার আন্দোলন হয়েছিল। প্রথম লক্ষ্য ছিল ফ্যাসিবাদ সরকারের পতন ঘটানো। দ্বিতীয়ত ভারতীয় আধিপত্যবাদকে নির্মূল করা। আমাদের প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে। কিন্তু দ্বিতীয়টা আমরা এখনও অর্জন করতে পারিনি। এখন সুযোগ এসেছে, ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে উৎখাত করার। এজন্য অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে সকল চেষ্টা অব্যাহত রাখতে হবে। কারণ, এই সরকার না টিকলে ভারতীয় সা¤্রাজ্যবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সরকারকে টিকিয়ে রাখতে সীসাঢালা ঐক্য লাগবে। ১৮ কোটি জনগণ যদি এক থাকে তাহলেই ভারতীয় আধিপত্যবাদের উৎখাত সম্ভব। মতবিনিময় সভায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার নগর সম্পাদক এম. আব্দুল্লাহ, এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ড. মেজর আবদুল ওয়াহাব মিনার, ইবির প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইটসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button