জাতীয় সংবাদ

জামায়াত আমিরের গাড়িবহরে যানজট, নিয়ন্ত্রণ করতে কর্মী নিহত

প্রবাহ রিপোট ঃ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে দ্রুতগতির বাসচাপায় জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লালমাই থানার ওসি মোঃ শাহ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। নিহতের নাম জসিম উদ্দিন (৫২)। তিনি উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া এলাকার প্রয়াত আলী আশরাফ মোল্লার ছেলে এবং স্থানীয় জামায়াতকর্মী। দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান সাংগঠনিক সফরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। সন্ধ্যার পর লালমাইয়ের উত্তর বাজার এলাকায় তার বহরের চারটি গাড়ি যানজটে আটকে পড়ে। তখন জসিমসহ সংগঠনের ১৫ থেকে ২০ জন কর্মী যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন শুরু করেন। আমিরকে নিয়ে তারা পথসভায় চলে যাওয়ার পর জামায়াতের কর্মী জসিম উদ্দিন বাসচাপায় মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, তিশা পরিবহনের ঢাকামুখী একটি দ্রুতগতির বাস চাপা দিলে জসিমের মাথা থেঁতলে যায়। চাপা দেওয়া বাসটি দ্রুত পালিয়ে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা একই পরিবহনের আরেকটি বাস আটক করেন। নিহত ব্যক্তির ভাই মোহাম্মদ ইব্রাহীম জানান, দুর্ঘটনার পর জসিমকে কুমিল্লা সদর দক্ষিণের একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে উপজেলা জামায়াতের নেতারা এসেছেন। তারা দাফনসহ আনুষঙ্গিক কাজের জন্য দলের পক্ষ থেকে তাৎক্ষণিক একটি অনুদান দেন। লালমাই থানার ওসি বলেন, বাসচাপায় মারা যাওয়া জসিম উদ্দিনের লাশ বাড়িতে নিয়ে গেছে পরিবার। এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button