হত্যা মামলায় ছাত্রলীগ নেত্রী নিশিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় মো. রিয়াজ নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি বেনজির হোসেন নিশিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানো আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান সিকদার তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোঁড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট মারা যান। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম গত ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।



