জাতীয় সংবাদ

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে কঠোরভাবে প্রতিহত করতে হবে। রাজধানীর খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে তিনি গতকাল শুক্রবার এসব কথা বলেন। তিনি বলেন, অনেকে ভূয়া পরিচয় দিয়ে, বিএনপি নেতা দাবি করে অনৈতিক কাজ করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই। বরং পুলিশ যদি কারও অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয় সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের উচ্চ মহলে সুপারিশ করবো। জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপির কোনো নেতা যদি চাঁদাবাজী করতে যায় বা সন্ত্রাসী আচরণ করে তাকে ধরে আইনের হাতে সমর্পণ করুন। পতিত আওয়ামী লীগ সারাদেশে দুর্নীতি ও সন্ত্রাসের মাকড়সার জাল বিস্তার করেছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সম্মিলিত আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি দখলবাজি বন্ধ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কারা করছে? স্বৈরশাসকের সময় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছিল। এখন যে কোনো মূল্যে চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী অনেককে ভয় পাচ্ছেন উল্লেখ করে বিএনপির সাবেক মন্ত্রী বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে কঠোর হতে হবে। বিএনপি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। এ দলে চাঁদাবাজ দখলবাজের স্থান নেই।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button