জাতীয় সংবাদ

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপাসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রবাহ রিপোর্ট : সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। গতকাল রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপসহকারী পরিচালক ফারুক হোসেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপা ও উপসহকারী পরিচালক এলমান আহম্মদ রনি ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। রূপার আবেদনে বলা হয়, জান্নাতুল ফেরদৌসী রূপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণপূর্বক জি কে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। জান্নাতুল ফেরদৌসী রুপা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ^স্ত সূত্রে জানা যায়। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশ যাওয়া বন্ধ করা একান্ত প্রয়োজন। সাইদুল ইসলামের আবেদনে বলা হয়, সাইদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগ দখলের অভিযোগটির তদন্ত কাজ চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাইদুল ইসলাম সম্প্রতি পিআরএল ভোগরত এবং আসামির ভাইবোনরা আমেরিকা বসবাসরত থাকায় দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ^স্ত সূত্রে জানা যায়। সুতরাং, সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button