জাতীয় সংবাদ

রংপুরে বৈষম্যবিরোধী নেতা নাহিদের বিরুদ্ধে মামলা

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে মামলা হয়। গতকাল রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুরের গঙ্গাচড়া থানাধীন গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে গত শুক্রবার মামলাটি করেন। মামলায় নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। মামলায় নগদ এক লাখ টাকা ও প্রতিদিন ২০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ আনা হয়। মামলার বাদী আতিকুল ইসলাম ভূঁইয়া বলেন, খলেয়া ইউনিয়নে তার এক বোনসহ গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করেন। এতে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখা দেয়। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান খন্দকার চাঁদা দাবি করে আসছিলেন। এ ঘটনায় নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা করা হয়েছে। এদিকে, মামলার একদিন পর গত শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী সই করা এক বিজ্ঞপ্তিতে নাহিদ হাসান খন্দকারকে তার মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখ্য সংগঠক আলী মিলন সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি জানানো হয়। সম্প্রতি নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়। ভাইরাল হওয়া ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে নাহিদ হাসান খন্দকারকে দেখা গেলেও অপরপাশে থাকা ব্যক্তিকে দেখা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button