শিশুটি ইতিহাসের করুণ সাক্ষী হয়ে দেশকে কাঁদিয়ে চলে গেল: জামায়াত আমির

প্রবাহ রিপোর্ট : সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শিশুটির বাবা-মায়ের জন্য দোয়া করে এবং ধর্ষকের বিচার দাবি করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, শিশুটি ইতিহাসের করুণ সাক্ষী হয়ে দুপুর ১টার দিকে দুনিয়া ছেড়ে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…। আল্লাহ তা’য়ালা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন। জান্নাতে তার জন্য বিশেষ ব্যবস্থা মেহেরবাণী করে দান করুন। শিশুটির মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, মানুষ নামের যে পশুরা তাদের পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে মা’সুম শিশুটির জীবনের আলো নিভিয়ে দিলো, এ পশুদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সর্বোচ্চ ৯০ দিনের ভিতরে (৯০ কর্ম দিবস নয়) এদের শাস্তি কার্যকর করতে হবে। পরিবারের প্রতি শোক জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিধ্বস্ত পরিবারকে কোনো ভাষায় সান্ত¡না দিব সে ভাষাটিই হারিয়ে ফেলেছি। মহান রবের দরবারে দো’য়া করি, তিনি যেন তার পিতা-মাতাসহ আপনজনদেরকে নির্বিশেষে, বিবেকবান দেশবাসীকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, মানুষ নামের এ প্রজাতির পশুদের বিরুদ্ধে আমরা ব্যক্তিগত এবং সামাজিকভাবে, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে এ অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হই। ধর্ষকদেরকে ঘৃণা করি ও বয়কট করি।



