জাতীয় সংবাদ

পোশাক খাত নিয়ে চক্রান্তকারীরা দেশের শত্রু: শ্রমসচিব

প্রবাহ রিপোর্ট : শ্রমিক ছাঁটাই করে ঈদের পর দেশে নতুন করে তৈরি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে। এই ধরনের চেষ্টা হলে আইনের কঠোর প্রয়োগ ঘটানো হবে। যারা পোশাক খাত নিয়ে চক্রান্ত করবে তারা দেশের প্রকৃত শত্রু বলে মন্তব্য করেছেন শ্রমসচিব এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, পরিকল্পিতভাবে শ্রমিকদের দিয়ে নানারকম সমস্যা তৈরি করছে। তারা সত্যিকার অর্থে এই দেশের শত্রু। আরএমজিটা ড্যামেজ করা গেলে এই দেশের ক্ষতি করা যাবে। ৪০ লাখ শ্রমিক যদি ভালো থাকে বাংলাদেশ ভালো থাকবে। গতকাল মঙ্গলবার সচিবালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি-টিসিসি) এর ২০তম সভা শেষে সংবাদ সম্মেলনে শ্রমসচিব এসব কথা বলেন। তিনি বলেন, গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিচ্ছে, ঈদের পর শ্রমিকরা যখন কাজে ঢুকবে তখন বড় ধরনের ছাঁটাই করা হবে, আরেকটা উত্তেজনা তৈরি করা হবে। এই কারণে আজকে মিটিং করেছি। ছাঁটাই করতে হলে আইন অনুযায়ী করতে হবে। শিল্প পুলিশ, স্থানীয় প্রশাসন, আর্মি এবং কলকারখানা পরিদপ্তরের স্থানীয় কার্যালয়কে অভিহিতকরণ ছাড়া বিধি বহির্ভূতভাবে যদি ছাঁটাই করা হয় তাহলে মালিকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাব। ধরে নেব তিনি এই ছাঁটাই করে শ্রমিক অসন্তোষ তৈরি করে আরেকবার পানি ঘোলার চেষ্টা করছেন। সচিব বলেন, ছাঁটাইয়ের কারণে কোনো অভিযোগ থাকলে সরকারের দপ্তরগুলোতে জানাতে হবে। ছাঁটাইকে কেন্দ্রে করে কেউ রাস্তা দখল করে বিক্ষোভ দেখানোর চেষ্টা করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিক্ষোভের অধিকার আছে, রাস্তা ব্লক করার অধিকার নেই। কেউ যদি করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক আন্দোলনে উসকানির তথ্য তুলে ধরে সচিব বলেন, অনেক শ্রমিক নেতা উসকানি দিচ্ছেন। উসকানি যারা দিচ্ছেন তাদেরকে খুঁজে বের করেছি। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত সোমবার টিএনজেডের শ্রমিকরা কারখানার কাছে সমাবেশ করেছে। তারা আজকে মিটিংয়ে না এসে ওখানে সমাবেশ করছে কেন? আবার তারা পানি ঘোলা করবে। তিনি বলেন, সমস্যার সমাধানের জন্য যখন আলোচনা চলছে, তখন আরেক গ্রুপ শ্রমিক বিআরটিসি ডাবল ডেকার বাসে চড়ে এসে শ্রম ভবনের সামনে বসে আছে। এগুলো কেন হবে? টোটাল জিনিসটা খুব সহজভাবে দেখলে হবে না। এটার পেছনে অনেক বিষয় আছে। একটি পক্ষ আছে যারা চাচ্ছে না যে, আমাদের কারখানাগুলো চলুক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button