মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিন জনের সাক্ষ্যগ্রহণ

আসামিপক্ষে আইনজীবী নিয়োগ
প্রবাহ রিপোর্ট : মাগুরার আলোচিত সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আদালত সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী শিশুটির মা আয়েশা খাতুন, প্রতিবেশী জলি খাতুন ও অসুস্থ শিশুকে বহনকারী ভ্যানচালক রুবেল হোসেন। এ ছাড়া এ দিন লিগ্যাল এইডের মাধ্যমে আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়। অভিযুক্ত হিটু শেখ ইতিপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও আজ আদালতে সেসহ সকল আসামি নিজেদের নির্দোষ দাবি করায় লিগ্যাল এইডের মাধ্যমে তাদের পক্ষে সোহেল আহমেদকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। তবে নিরাপত্তার কারণে তিনি আদালতে কোনও যুক্তিতর্কে অংশ নেননি। শিশুর পক্ষে মামলায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মনিরুল ইসলাম মুকুল। তাকে সহযোগিতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গঠিত পাঁচ আইনজীবী প্যানেলের সদস্যরা। প্রসঙ্গত, গত ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। এর আগে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ^শুরবাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় সে। সারা দেশে শিশু নির্যাতনের প্রতিবাদে স্কুল-কলেজসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। স্থানীয় আইনজীবীরাও এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবির পাশাপাশি আসামিপক্ষকে কোনও প্রকার আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন।



