জাতীয় সংবাদ

ট্রেনে ঈদযাত্রার ২ জুনের অগ্রিম টিকিট কাটতে ৪২ লাখ বার চেষ্টা

প্রবাহ রিপোর্ট : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ২ জুন ভ্রমণ করতে চান তাদের টিকিট গতকাল শুক্রবার বিক্রি হয়। এদিন সকাল ৮টায় অনলাইনে ২ জুনের টিকিট বিক্রি শুরু হয়। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ ৪২ লাখ হিট বা টিকিট কেনার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সূত্র এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, আগামী ২ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ২৮ হাজার ২৮০টি টিকিট বরাদ্দ রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২০ ট্রেনে ১৩ হাজার ৭১৪ আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ১৭ ট্রেনে ১৪ হাজার ৫৬৬টি টিকিট বরাদ্দ রয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৩ হাজার ৬৩৭টি টিকিট বিক্রি হয়েছে। আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ৫৫ হাজার ৬০টি টিকিট। সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিক্রি হয়েছে ১৬ হাজার ২০টি টিকিট। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে ও ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে। এদিকে ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে। ঈদযাত্রার সব টিকিট কিনতে হচ্ছে অনলাইনে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button