সাবেক সিইসিসহ আ. লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা হলেন— সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা (৭৯), মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫), নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য মো. তরিকুল ইসলাম (৩৮), সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন (৪৬), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা (৬২), রাজধানীর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহায়াব (৫৮), ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের (লালবাগ থানা) যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু (৪৩) ও আওয়ামী লীগের ৯২ নম্বর ওয়ার্ডের সহ-দফতর সম্পাদক জাকির হোসেন আলী (৬১)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও রাষ্ট্রবিরোধী কর্মকা-ের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, গত রোববার রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে তেজগাঁওয়ের মনিপুরীপাড়া থেকে সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ টিম।শনিরআখড়ায় কদমতলী থানা এলাকায় রাত সাড়ে ১২টার দিকে মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ। গতকাল সোমবার ভোর পৌনে ৫টার দিকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবিনা আক্তার তুহিনকে। অপরদিকে গত রোববার রাত সোয়া ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মওলাকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ। এছাড়া রাত পৌনে ১টার দিকে কলাবাগান এলাকা থেকে আব্দুল ওহায়াব, রাত ২টায় মিরপুর এলাকা থেকে মেহেদী হাসান বাবু এবং রাত দেড়টার দিকে পল্লবী থানা এলাকা থেকে জাকির হোসেন আলীকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগ। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।



