মোহাম্মদপুরে পাটালি গ্রুপের ২ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত ‘পাটালি গ্রুপের’ দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার তাদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে বিভিন্ন মামলায় আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি জানান, রায়েরবাজার বোটঘাট এলাকা থেকে অস্ত্রসহ ইয়াসিন এবং কাদিরাবাদ থেকে আত্মগোপনে থাকা শরীফকে গ্রেপ্তার করা হয়। শরীফের দেখানো মতে, খালপাড় এলাকা থেকে একটি চাপাতিও উদ্ধার করা হয়। এর আগে, ১৪ মে জাফরাবাদে কথা কাটাকাটির জেরে পাটালি গ্রুপের হামলায় এক পরিবারের ৬ সদস্য আহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ইতোমধ্যে গ্রুপটির আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে। একই রাতে দ্রুত বিচার, সন্ত্রাস ও দস্যুতা আইনে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ৭ জন দ্রুত বিচার, ৪ জন পরোয়ানাভুক্ত, ৩ জন এজাহারভুক্ত আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পাটালি গ্রুপের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।



