জাতীয় সংবাদ

মূূূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক: গভর্নর

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের মূল্যস্ফীতি কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি লক্ষ্য সাড়ে ৬ শতাংশ হলেও কেন্দ্রীয় ব্যাংক আরও নিচের মাত্রায় নামিয়ে আনতে চায়। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘গুগল পে’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, সরকার মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামাতে চায়। তবে আমরা আরও আগ্রাসী লক্ষ্য নির্ধারণ করেছি- ৫ শতাংশে নামিয়ে আনতে পারলে সেটাই হবে আমাদের সফলতা। তিনি বলেন, আমরা ক্যাশলেস অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছি। দেশে ‘গুগল পে’ চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটির পথে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল। এই সেবার মাধ্যমে দেশের ভোক্তা, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা আরও সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। আন্তর্জাতিক বিনিয়োগ প্রসঙ্গে গভর্নর বলেন, বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে আসলে তারা টাকা পাচার করবে না, বরং দেশে প্রযুক্তি ও মূলধন নিয়ে আসবে- যা অর্থনীতির জন্য ইতিবাচক। আমাদের লক্ষ্য বাংলাদেশকে দেশি-বিদেশি উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত করা। ব্যাংক খাত সংস্কারের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, এরই মধ্যে ২০টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা শেষ হয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে আরও ৭টি ব্যাংকের নিরীক্ষা সম্পন্ন হবে। ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোনোভাবেই ব্যাংক খাতকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে না। ডলারের বাজারমূল্য প্রসঙ্গে গভর্নর আহসান মনসুর বলেন, ডলার এখন আর নির্ধারণ করবে না দুবাই। আমরা বাজারকে মুক্ত করে দিয়েছি। বাজারেই এর সঠিক মূল্য নির্ধারণ হবে।তিনি জানান, দেশের শিশুদেরও ধীরে ধীরে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন ও অন্তর্ভুক্ত অর্থনীতিতে বেড়ে ওঠে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button