জাতীয় সংবাদ

ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ রেলের কর্মীর বিরুদ্ধে

প্রবাহ রিপোর্ট : ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের শৌচাগারে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধায়। তাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। রেলওয়ের নীলফামারী জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলের কর্মচারী (ট্রেনের পিএ অপারেটর) সাইফুল ইসলামকে (২৮) আটক করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশ জানিয়েছে, ওই নারী যাত্রীর বাড়ি কুড়িগ্রামে। রেলওয়ে জেলা পুলিশ সুপার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের শৌচাগারে এক নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী ওই নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন। তিনি আরও জানান, তাদের দুই জনকে বগুড়ার সান্তাহার জংশন রেলওয়ে থানায় নামিয়ে নেওয়া হয়। পরের ট্রেনে তাদের ঢাকার কমলাপুরে ফেরত পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাস্থল কমলাপুরে তাই সেখানে মামলা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button