সালমান-আনিসুলসহ ৩ জন রিমান্ড শেষে কারাগারে

প্রবাহ রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অবৈধ অস্ত্র নিজের কাছে রাখার অভিযোগে গত ৭ জুলাই রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় আনিসুল হকের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াদুল হক। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী থানায় মো. আমিন নামে ব্যক্তিকে হত্যার মামলায় গত ২৭ জানুয়ারি সালমান এফ রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিনের মঞ্জুর করা তিন দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম। আমিন হত্যা মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গত বছরের ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থলেই মারা যান ভুক্তভোগী মো. আমিন। এ ঘটনার আমিনের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় ৯৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আসামি করা হয় ১০০-১৫০ জনকে। এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামে এক যুবককে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার মামলায় গত ১২ ফেব্রুয়ারি নজরুল ইসলাম মজুমদারের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। ওই দিন মঞ্জুর করা পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুল মজিদ। ইমন হোসেন গাজী হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী। এই ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।



