পল্লবীতে ‘চাঁদা না পেয়ে’ হামলা-গুলির ঘটনায় গ্রেপ্তার ৩

প্রবাহ রিপোর্ট : ঢাকার পল্লবীতে পাঁচ কোটি টাকা ‘চাঁদা দাবিতে’ একটি আবাসন কোম্পানির কার্যালয়ে হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়া। গ্রেপ্তাররা হলেন- নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। পল্লবী থানার এসআই সাচ্চু বিশ^াস বলেন, “সাত দিনের রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।” গত শুক্রবার বিকালে আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্সের’ অফিসে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে আবাসন কোম্পানির কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। কোম্পানির চেয়ারম্যান কাইউম আলী খান গত বৃহস্পতিবার জিডিতে অভিযোগ করেন, সপ্তাহ তিনেক আগে তার কাছে ৫ কোটি টাকা ‘চাঁদা দাবি’ করা হয়। গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাতনামা ব্যক্তিরা। এর পরদিন বিকালে হামলা ও গুলির ঘটনা ঘটে বলে ভাষ্য চেয়ারম্যানের ছেলে আমিমুল এহসানের। তিনি গত শনিবার বলেন, “টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায়। চাঁদা দাবি ও হামলার ঘটনায় বৃহস্পতিবার পল্লবী থানায় একটি জিডি করা হয়। এরমধ্যে গতকাল একদল লোক এসে হামলা চালায় ও গুলি করে।”


