লোডশেডিং : কাঠগড়া থেকে আসামির পলায়ন

প্রবাহ রিপোর্ট : চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার এক আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছে। গতকাল সোমবার দুপুরে নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের একটি কাঠগড়া থেকে আসামি পালিয়ে যাওয়ার এই ঘটনা ঘটে। পলায়নকারী আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। নরসিংদী জজ কোর্ট পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান, গতকাল সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ চলে যায়। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়। তাকে গত ৭ জুলাই গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ। তিনি আরও জানান, ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্য নিরাপত্তা সংস্থাকে জানানো হয়েছে।


