জাতীয় সংবাদ
৩ দিন পেছাল চাকসু নির্বাচন

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন তিনদিন পেছানো হয়েছে। আগামী ১২ অক্টোবরের পরিবর্তে ভোট গ্রহণ হবে ১৫ অক্টোবর। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী। তিনি জানান, ১২ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও এর আগে পূজার ছুটির কারণে প্রার্থীরা প্রচারণার জন্য মাত্র পাঁচ কার্যদিবস সময় পেতেন। গত সোমবার প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে গতকাল মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত হয় যে ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।



