জাতীয় সংবাদ

আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

প্রবাহ রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরসঙ্গীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। গতকাল মঙ্গলবার ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর জুলাই গণহত্যা পরিচালনাকারী ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেনের ওপর সংঘটিত এই হামলা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয় বরং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য সতর্কবার্তাও বটে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে,আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়াসহ সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় এহেন ন্যাক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে। ডাকসু মনে করে এই ধরনের বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে। ঘটনায় জড়িতদের আইনের আওতার আনার দাবি জানিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা করা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গণতন্ত্রকামী জনগণ ও ভিন্নমতের প্রতি সহনশীলতার লড়াইয়ে সবসময় দৃঢ় অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button