নভেম্বরের মধ্যেই গণভোটসহ ৫ দাবি ইসলামী আন্দোলনের

প্রবাহ রিপোর্ট : জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল সোমবার মিছিল পূর্ব সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, পুরোনো বন্দোবস্তের নির্বাচনের মাধ্যমে দেশকে আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের জনতা প্রতিহত করবে। জুলাইয়ের এত রক্ত ও জীবনের পরে কোন অবস্থাতেই আর কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। নির্বাচনের আগে গণভোট হতে হবে। তিনি বলেন, দেশের যা অবস্থা তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নাই। আমরা বলবো, সরকারের আচরণের মাধ্যমে, সদিচ্ছার মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে। এত রক্তের মাধ্যমে অর্জিত জুলাই সনদের আইনিভিত্তি দিতে সমস্যা কোথায়? ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও যুগ্মমহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।



