জাতীয় সংবাদ

আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কারখানার শ্রমিকরা আহত

প্রবাহ রিপোর্ট ঃ গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় একটি পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে তিন শতাধিক শ্রমিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ডেনিমেক লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার শ্রমিকরা জানান, ভূমিকম্পের সময় সাততলা ভবনের ওই কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কর্মরত শ্রমিকরা ফ্লোর থেকে নামার সময় পদদলিত হয়ে অনেক শ্রমিক আহত হন। স্বজনরা আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা পঙ্গু হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। ডেনিমেক কারখানার অনেক শ্রমিক জানান, হাসপাতালে তারা শয্যা স্বল্পতার কারণে আহত অনেক শ্রমিককে স্বজনরা অন্যান্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন। অনেক স্বেচ্ছাসেবীকে আহত শ্রমিকদের যানবাহনসহ বিভিন্নভাবে সহযোগিতা করতে দেখা গেছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইয়িদা আফরোজ ইমা জানান, এ পর্যন্ত ৭০ থেকে ৮০ জন শ্রমিক হাসপাতালে এসেছেন। তবে বেড স্বল্পতার কারণে স্বজনরা তাদের এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন। এয়াড়া, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় এলাকায় ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে নামার সময় একটি কারখানার ৬ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের সময় এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, সারাদেশেই গতকাল শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-জয়দেবপুর সড়কের পাশে হাসান-তানভীর ফ্যাশন ওয়ার কারখানার শ্রমিকরা আতঙ্কে তাড়াহুড়ো করে কারখানা থেকে বের হচ্ছিলেন। একপর্যায়ে ওই কারখানার ৬ জন শ্রমিক আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা সবাই ওই কারখানার শ্রমিক।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button